টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫

দেশের বিভিন্ন জায়গায় চলছে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি। কিন্তু স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। মনে হয় মাছের বাজার—গিজগিজ করা মানুষের হুড়োহুড়ি। যেখানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা অতীব জরুরি, সেখানে টিকাদান কেন্দ্রগুলোতে এর ব্যত্যয় ঘটছে। আর এ বিষয়ে টিকাদান কেন্দ্র কর্তৃপক্ষও যেন উদাসীন!

টিকাকেন্দ্রগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। নেই সামাজিক দূরত্বও, কারো মুখে মাস্ক নেই, কারো মাস্ক আবার থুতনিতে। টিকাদান কেন্দ্রে ভিড়, টিকা দিতে আসা মানুষজন যে কক্ষে বসেছেন সেখানেও গাদাগাদি করে বসতে হচ্ছে। গাদাগাদি করে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে সবার নাজেহাল অবস্থা। অথচ যে কোনো ধরনের ভিড় ও জনসমাগম করোনার এই ঊর্ধ্বগতির সময় নিষিদ্ধ করার কথা বারবার বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ ব্যাপারে বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও। কোভিড প্রতিষেধক নিতে এসে উলটো আক্রান্ত হওয়ার আশঙ্কা বিরাজ করছে। তাই কর্তৃপক্ষের উচিত টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।

সিনথিয়া সুমি

শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ