টিভি, পত্রিকায় চোখে পড়ছে দেশের বন্যাপীড়িত মানুষদের দুর্দশার ছবি। অসহায় শিশু ও নারীদের অমানবিক জীবনযাপন। বন্যাপীড়িত মানুষের মাঝে দেখা দেয় মারাত্মক স্বাস্থ্যবিপর্যয়, বিশেষ করে শিশুরা রয়েছে চরম ঝুঁকিতে। পরিবারের সদস্যদের খামখেয়ালিপনার কারণে অনেক শিশু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। বিশুদ্ধ পানির অভাব দেখা যায়। বন্যার সময় শিশুরা ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, নিউমোনিয়া, সর্দিকাশি ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বন্যায় নিরাপদ পয়ঃপ্রণালীর অভাব ঘটে। এ সময়ে শিশুদের কৃমির ওষুধ খেতে দিতে হবে। কেননা নিরাপদ পয়ঃনিষ্কাশনের অভাবে কৃমির সংক্রমণ বাড়ে। বন্যাকালীন শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মনোযোগী হতে হবে তাদের প্রাথমিক চিকিত্সার ব্যাপারে। তাদের জন্য দরকার সুষম খাবার, নিরাপদ পানির সুব্যবস্থা করা। পানিতে ডুবে যাওয়া ও সাপের কামড়ে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। বন্যার সময় শিশুদের প্রতি বাড়তি নজর রাখা জরুরি। শিশু সুরক্ষায় বিশেষায়িত আশ্রয়কেন্দ্র তৈরি করা গেলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।
আবির হাসান সুজন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
