নাটোর প্রতিনিধি
নাটোরে শনিবার রাতে সোয়া কেজি হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত ব্যক্তি মাসুম। সদর উপজেলার বাবুর পুকুরপাড় এলাকার রাস্তার উত্তর পাশের বনলতা ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুম বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। র্যাব-৫ সিপিএসসি-২ রাজশাহী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল সদর উপজেলার পশ্চিম বাইপাস নাটোর-রাজশাহী মহাসড়কের বনলতা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে র্যাব। বাসের ভেতর থেকে আটক মাসুম পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ৩৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
