স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রবিবার সকালে মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। ছেলে মমিনুল ইসলাম পিয়াসকে (১৭) স্থানীয়রা আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে। নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে পিয়াস তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এ কারণে গণপিটুনির ভয়ে পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
