পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

পাবনা প্রতিনিধি

পাবনার সাথিয়ার গৃহবধূ তাজরিন খাতুনকে (২৮) আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (৪০) ফাঁসি ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামি আলমগীর হোসেন উপজেলার বাউশগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে। মামলার এজাহারের বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রকিব বলেন, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে যৌতুকের টাকা না পেয়ে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ ও আগুনে পুড়িয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরদিন ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকি সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।