মহাদেবপুরে আউশ চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

আউশ চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ থেকে প্রণোদনা দেওয়া সত্ত্বেও মহাদেবপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৫১০ হেক্টর কম জমিতে আউশ চাষ হয়েছে। চলতি মৌসুমে আউশ চাষের জন্য উপজেলার ৫০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়। প্রণোদনা হিসেবে প্রত্যেককে ১ হাজার টাকা, পাঁচ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। তবুও এবার এ উপজেলায় আউশ চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। স্থানীয় কৃষকরা জানান, প্রণোদনা নিয়েও অনেকেই আউশ চাষ করেনি। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৬৩০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ১৩ হাজার ১২০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে।