স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। প্রথম দুই ওয়ানডের দলে নেই কলিন মুনরো। তবে, তৃতীয় ওয়ানডেতেই তাকে ফেরানো হবে। তিনি আসবেন অধিনায়ক কেন উইলিয়ামসনের বদলি হিসেবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে থাকবেন অধিনায়ক। ম্যাচটিতে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
মুনরো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন। প্রথম তিনটি ওয়ানডে খেলার পর চতুর্থ ওয়ানডেতে তাকে বসিয়ে রাখা হয়। এরপর মার্টিন গাপটিলের ইনজুরির সুবাদে পঞ্চম ওয়ানডেতে আবারো তিনি ছিলেন। খেলছেন টি-টোয়েন্টি সিরিজেও।
কোমরের ব্যথায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না গাপটিল। তবে, উন্নতির প্রেক্ষিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের স্কোয়াডে তিনি আছেন। যদিও, দলে জায়গা নিশ্চিত করতে আগে ফিটনেস টেস্ট দিতে হবে টপ অর্ডারের এই ব্যাটসম্যানকে। টপ অর্ডারে তার সাথে আছেন হেনরি নিকোলস।
গাপটিলের ব্যাপারে প্রধান নির্বাচক গেভিন লারসেন বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে এই সিরিজে মার্টিন ফিরে আসছে। ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে হেনরির সাথে মিলে ও দারুণ করেছে। ফলে এই দু’জনের কম্বিনেশনের ওপর আমরা এই সিরিজেও ভরসা রাখতে চাই। তবে, কিছু পরীক্ষা-নিরীক্ষারও সুযোগ থাকছে। কারণ, তৃতীয় ওয়ানডেতে কেন বিশ্রামে থাকবে, ফেরানো হবে কলিনকে।’
মিশেল স্যান্টনার ও টড অ্যাসেল দলে আছেন, স্পিন আক্রমণের দায়িত্ব থাকছে তাদের ওপর। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে দল থেকে জায়গা হারানো ইশ শোধি এই সিরিজেও থাকছেন দলের বাইরে। পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও জেমস নিশামের সাথে পেস বোলিং বিভাগে আরো আছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন। ফলে, বলা যায় বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণটা যথেষ্ট শক্তিশালী।
লারসেন বলেন, ‘মিশেল হাঁটুর বড় অস্ত্রোপচার করিয়েছে গত বছর। ফলে, এই মৌসুমের বাকিটা সময় ওকে আমরা পর্যবেক্ষণে রাখবো। টডও হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠেছে। ওকে ভারতের বিপক্ষে সিরিজে অল্প কিছু সময় ব্যবহারও করা হয়েছে। এই সিরিজে আরো একবার ওকে আমরা ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছি।’
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ওয়ানডে দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম দুই ম্যাচ), টড অ্যাসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (অধিনায়ক, শেষ ওয়ানডে), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জেমস নিশাম, হেনরি নিকোলস, রস টেলর, মিশেল স্যান্টনার, টিম সাউদি।
