সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

নরসিংদীর চরাঞ্চলে দুই জন ট্যাটাবিদ্ধ

নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে রবিবার সকালে হামলা চালিয়ে দুই জনকে ট্যাটাবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ট্যাটাবিদ্ধরা হলেন নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মো. শাজাহান মিয়া ও মো. বারেক মিয়া। নজরপুর ইউপি চেয়ারম্যান বাদল সরকার জানান, দুই জন ট্যাটাবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, এলাকায়  আধিপত্য বিস্তারের জন্যই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিয়াবাড়ির দুই জন ট্যাটাবিদ্ধ হয়েছেন। ঘটনা যেন আর বড় না হয় সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রামগতিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা রামগতিতে রবিবার দুপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকার মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আনুমানিক ৩০ বছর বয়সি ঐ যুবকের লাশ তিন থেকে চার দিন আগের হতে পারে। নিহতের পরনে জিনসের প্যান্ট ও টি-শার্ট ছিল। তার প্যান্টের পকেটে একটি রেডমি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা কোম্পানীগঞ্জের রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের পালটাপালটি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর। তিনি জানান, দুই পক্ষের পালটাপালটি কর্মসূচি ঘিরে রংমালা বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঐ বাজারের চারদিকের পাঁচ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারিকৃত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ (দর) বৃদ্ধির প্রতিবাদে রবিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন এবং বন্দরের শ্রমিকরা। আমদানিকৃত পণ্য খালাসে ব্যবহূত বন্দরের যন্ত্রপাতিসহ অন্যান্য বিষয়ে দর বাড়ানোয় বন্দর জেটির প্রধান গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন মোংলা বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটন, সিঅ্যান্ডএফ নেতা শেখ ইশারুল হক, সামছুল আলম, কবিরুজ্জামান টপি ও মোংলা বন্দর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলিম প্রমুখ।

খেলনা পিস্তল দিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময় দুই যুবক গ্রেফতার

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা পটিয়া পৌর শহরের বাইপাস দক্ষিণঘাটায় রাস্তার মাথায় শনিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি খেলনা পিস্তল ও একটি ছুরিসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। এরা হলো মো. কানন ও মো. সায়েম। তাদের রবিবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-৭-এর এসআই মো. জায়দুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। র্যাব জানায়, ঐ দুই যুবক পটিয়া বাইপাস রাস্তার পাশে দক্ষিণঘাটা এলাকায় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব-৭-এর একটি টিম ঘটনাস্থল যায়। এ সময় একটি খেলনা পিস্তল ও একটি অটোমেটিক ছুরিসহ তাদের গ্রেফতার করে।