আজ সোমবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩২তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। কোভিড-১৯ সংক্রমণজনিত মহামারি বিবেচনা করে এবারের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।
এ উপলক্ষ্যে বরাবরের মতো আজ সকাল ৮টায় বনানীস্থ কবরস্থানে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া বেলা ২টায় ভার্চুয়াল পদ্ধতিতে ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’ (ইব্রাহিম স্মারক বক্তৃতা) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘ভার্চুয়ালি’ বক্তৃতা করবেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন মেডিকেল স্কুলের সম্মানিত অধ্যাপক ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের সভাপতির বিশেষ উপদেষ্টা অধ্যাপক জেনেট গ্রান্ট। —প্রেস বিজ্ঞপ্তি
