আলোচনা সভায় বক্তাদের অভিযোগ

সিডও সনদ বাস্তবায়নে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নেয়নি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

৩৭ বছর ধরে সিডও সনদ বাস্তবায়নের কথা বললেও সরকার এ বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ নেয়নি বলে কর্মশালায় অভিযোগ করেছেন বক্তারা।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক সিডও দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘অর্থনীতিতে নারী ও সিডও বাস্তবায়ন পরিপ্রেক্ষিত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা  শীর্ষক অনলাইন আলোচনা সভায় বক্তারা এ অভিযোগ করেন। 

সভায় অতিথি আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক  ড. বিনায়ক সেন, জেন্ডার অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট এক্সপার্ট ফেরদৌসী সুলতানা, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি সোহেল রানা এবং বৈশাখী টেলিভিশনের সাংবাদিক রীতা নাহার প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক প্রতিবেদন তৈরির সময় সরকার সিডও সনদ ও নারী নীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণের কথা বললেও বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখা যায় না। সিডও সনদ বাস্তবায়ন নিয়ে গণমাধ্যমের তৎপরতাও খুব বেশি দেখা যায় না।  

তারা আরও অভিযোগ করেন, ১৯৯০ সালে বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ছিল ২৫ শতাংশ। ২০১৯ সালে  এটা ৩৬ শতাংশে উন্নীত হয়। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেলেও তা ধরে রাখতে সরকারের কোটা প্রভিশন বৃদ্ধি পায়নি।

১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) গৃহীত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। এরপর থেকেই এই সনদে স্বাক্ষরকারী দেশগুলো প্রতি বছরের ৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সিডও দিবস হিসেবে পালন করে।

 

ইত্তেফাক/কেএইচ/ইউবি