ইউএস ওপেন অঘটন ঘটছেই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা বিদায় নেওয়ায় হট ফেভারিট ছিলেন নারী এককের শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি। কিন্তু এক দিন না যেতেই ইউএস ওপেনে অঘটনের শিকার হয়েছেন তিনিও। তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান এই টেনিস তারকাকে ৬-২, ১-৬, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেন যুক্তরাষ্ট্রের শেলবি রজার্স। চতুর্থ রাউন্ডে র্যাংকিংয়ের ৪৩ নাম্বারে থাকা এই টেনিস খেলোয়াড়ের প্রতিপক্ষ ব্রিটিশ টিনেজার এমা রাডুকানু। বার্টির সঙ্গে শেষ পাঁচবারের দেখায় প্রতিটিতেই বাজেভাবে হেরেছিলেন রজার্স। তবে এবার ব্যতিক্রম কিছু করার ভাবনা নিয়েই নেমেছিলেন। তাই তো শেষ সেটে ৫-২ গেমে পিছিয়ে থাকার পরও অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়িয়ে সেটটিকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যান তিনি। রজার্স বলেন, ‘আমি নিজেকে বলেছি, শেষ পাঁচবারের মতো এবারও একই ভাবে হারতে চাই না। তাই সামান্য ভিন্ন কিছু করার চেষ্টা করেছি।’

রজার্সের মতো পুরুষ এককে ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটানোর সুযোগ ছিল কেই নিশিকোরির। কিন্তু ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনে থাকা নোভাক জোকোভিচের বিপক্ষে প্রথম সেটে জয়ের পর আর পারলেনই না এই টেনিস খেলোয়াড়। তাকে  ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যান জোকোভিচ।