সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

গোল্ডেন ডাকে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন ইয়ানেমান মালান। ৯ ম্যাচ শেষে এক অঙ্কের ইনিংসের সংখ্যা বলতে ঐ একটিই। তবে এর মধ্যে তিন অঙ্ক ছুয়ে ফেলেছেন তিন বার। যার শেষটি কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৬৭ রানে জিতে সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে মালানের ১২১ রানের ইনিংসে ৪৭ ওভারে ৬ উইকেটে ২৮৩ রান করে প্রোটিয়ারা। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ২৬৫ রান। কিন্তু বাঁহাতি লেগ স্পিনার তাবরাইজ শামসির ঘূর্ণিতে ১৯৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৪৯ রান দিয়ে শামসি একাই নেন ৫ উইকেট। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন চামিকা করুনারত্নে।