কেরানীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

৫৩ দালাল আটক

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে রবিবার র্যাব (১০)  সিপিসি-২ আবুল কালাম আজাদের নেতৃত্বে র্যাব সদস্যরা  দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  বিআরটি ও আঞ্চলিক পাসপোর্ট অফিস কেরানীগঞ্জে অভিযান চালায়। এ সময় হাসনাবাদ বিআরটি অফিস থেকে ৩৬ জন দালাল ও পাসপোর্ট অফিস থেকে ১৭ জন দালালসহ মোট ৫৩ জনকে আটক করেছে।

র্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাসনাবাদ বিআরটি ও ঝিলমিল  আঞ্চলিক পাসপোর্ট অফিস কেরানীগঞ্জে শতাধিক দালাল প্রতিদিন ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করার কথা বলে হাজার হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলামকে নিয়ে দুটি টিম এক সঙ্গে দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রবিবার বিকাল ৪টা পর্যন্ত আটককৃত ৫৩ জনের মধ্যে এক জন ১৮ বছরের কম হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৫২ জনের ১৭ জনকে আর্থিক জরিমানা করা হয় এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রধান করে তাদের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিকালে হস্তান্তর করা হয়। দক্ষিণ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সাজাপ্রাপ্ত ৩৫ দালালকে হাজতি পরোয়ানা দিতে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।