সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় চার মাদক কারবারিকে গ্রেফতার ও মাদকবহনে ব্যবহূত প্রাইভেট কার ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার, ৪৩৩ বোতল বিদেশি মদ। গ্রেফতারকৃতরা হলো—আমজাদ হোসেন, ওয়াসিম, সুজন ও আলাল মিয়া। গতকাল রবিবার দুপুরে র?্যাব-১১-এর সিইও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা পিএসসি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে শনিবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁও থেকে কক্সবাজারে যাচ্ছে চার মাদক কারবারি। এমন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। অভিযানে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান তল্লাশি করে উক্ত মাদক উদ্ধার ও নগদ টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা পরস্পর যোগসাজশে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানযোগে উক্ত বিয়ার ও বিদেশি মদ রাজধানী ঢাকা থেকে নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেগুলো সেখানকার হোটেল রিসোর্টসহ নানা স্থানে সরবরাহ করা হতো। আমরা এ বিষয়ে আরো তদন্ত করছি। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
র্যাব অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানযোগে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে বিদেশি মদ ও বিয়ার পরিবহন করে আসছিল। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
