এমপি রেজাউল করিমের বক্তব্যে মহিলা পরিষদের ক্ষোভ ও নিন্দা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের সংবিধান বিরোধী, নারীর মানবাধিকার বিরোধী, অসম্মানজনক, অযৌক্তিক বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ এবং একই সঙ্গে জাতীয় সংসদে এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল রবিবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে আরো বলা হয়, আমরা সংবাদমাধ্যমে লক্ষ্য করলাম যে, গত ৪ সেপ্টেম্বর জাতীয়  সংসদে ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল ২০২১’ ওপর আলোচনায় বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য রেজাউল  করিম  বেকার সমস্যার সমাধানে চাকরিজীবী  নারী-পুরুষ এর মধ্যে বিবাহ বন্ধ করে আইন করার সুপারিশ করেন। এছাড়া নারীর চাকরি করার বিপক্ষেও তিনি যুক্তি উপস্থাপন করেন। একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের একজন সংসদ সদস্যের এমন বক্তব্য নারী বিরোধী, নারীর সাংবিধানিক অধিকার বিরোধী, অসম্মানজনক,  অযৌক্তিক ।