অধিকারের দাবিতে কাবুলে বহু নারীর করা এক বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করেছে তালেবান। বিক্ষোভকারীরা বলেছেন, তারা একটি সেতু থেকে হেঁটে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ছোঁড়া হয়। কাবুল এবং হেরাতে মহিলাদের বেশ কয়েকটি বিক্ষোভের মধ্যে এটি সর্বশেষ। নারীরা বাইরে কাজ করার অধিকার এবং সরকারে অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানিয়েছে এই বিক্ষোভে। খবর বিবিসির
তালেবান বলেছে যে, আগামী দিনে তারা তাদের প্রশাসনের গঠন কাঠামো ঘোষণা করবে। তারা বলছে, নারীরা সরকারে যোগ দিতে পারবে, কিন্তু মন্ত্রীর পদে থাকতে পারবে না। অনেক নারী ভয় পাচ্ছেন, ১৯৯৬ এবং ২০০১ সালে তালেবান ক্ষমতায় থাকার সময়ে নারীদের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, সেই একই আচরণ আবারও করা হবে কিনা। নারীদের বাইরে বের হতে হলে মুখ ঢেকে রাখতে হতো এবং ছোটখাটো অপরাধের জন্যও কঠোর শাস্তি দেওয়া হতো।
সাংবাদিক আজিতা নাজিমি আফগান টেলিভিশন টোলোকে বলেন, ‘২৫ বছর আগে, যখন তালেবান এসেছিল, তারা আমাকে স্কুলে যেতে বাধা দিয়েছিল। তাদের শাসনের পাঁচ বছর পর আমি ২৫ বছর পড়াশুনা করেছি এবং কঠোর পরিশ্রম করেছি। আমাদের উন্নত ভবিষ্যতের জন্য হলেও, আমরা এটি হতে দেব না।’ আরেক জন বিক্ষোভকারী সোরায়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা বন্দুকের ম্যাগাজিন দিয়ে মহিলাদের মাথায় আঘাত করে এবং মহিলারা রক্তাক্ত হয়ে পড়ে।
