ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

ম্যাচটা হতে পারত বাংলাদেশের টানা তৃতীয় সিরিজ জয় এবং সাকিব আল হাসানের রেকর্ড গড়ার মঞ্চ। দুই অর্জনের উত্সবের অপেক্ষা বাড়াল নিউজিল্যান্ড। অবশ্য সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবদানও অনস্বীকার্য। নিউজিল্যান্ডের স্পিনাররা উইকেটের মন্থরতা কাজে লাগিয়েছেন কিন্তু গতকাল বাংলাদেশের হার ডেকে এনেছে সাকিব-মাহমুদউল্লাহদের আত্মাহুতির মিছিল। ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরে গেল বাংলাদেশ।

গতাকল মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ড ৫২ রানে পরাজিত করেছে বাংলাদেশকে। এই জয়ে সিরিজে ফিরল সফরকারীরা। সিরিজের স্কোর লাইন এখন ২-১। আগামী ৮ আগস্ট সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৯.৪ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। যা টি-২০ তে যৌথভাবে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ১৬ রানে ৪ উইকেট নিয়ে অ্যাজাজ প্যাটেল ম্যাচ সেরা হন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করেননি। লিটন, সাকিব, সোহানরা উইকেট বিলিয়ে এসেছেন। আত্মতুষ্টির ছাপ ছিল ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের স্পিনাররা নিয়েছেন ৮ উইকেট। প্যাটেল ৪টি, ম্যাককনকি ৩টি, রবীন্দ্র ১টি উইকেট নেন। বাকি দুটি উইকেট নিয়েছেন কুগেলেইন ও গ্র্যান্ডহোম।

দলীয় ২৩ রানে লিটনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। উইকেটের পতনের ধারা আটকাতে পারেননি কেউ।  মুশফিকই শুধু একপ্রান্ত আগলে লড়াই করেছেন।                অপরাজিত ২০ রান করেন তিনি। লিটন ১৫, নাঈম শেখ ১৩ রান করেন। বাংলাদেশের আর  কেউ দুই অঙ্কের ঘর পার হতে পারেননি।

এর আগে ৬২ রানে ৫ উইকেট হারালেও টম ব্লান্ডেল ও হেনরি নিকোলসের ৬৬ রানের জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় ব্ল্যাক ক্যাপরা। নিকোলস অপরাজিত ৩৬, ব্লান্ডেল অপরাজিত ৩০ রান করেন। ফিন অ্যালেন ১৫, রবীন্দ্র ২০, ইয়াং ২০ রান করেন। বাংলাদেশের সাইফউদ্দিন ২টি, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, মেহেদী ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড :২০ ওভারে ১২৮/৫

বাংলাদেশ :১৯.৪ ওভারে ৭৬

ফল :নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী

ম্যাচ-সেরা :অ্যাজাজ প্যাটেল (নিউজিল্যান্ড)