রংপুর আদালতপাড়ায় টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ৫ আইনজীবী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩

রংপুরে মামলার টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে আদালত চত্বরে দুই আইনজীবীর মধ্যে দফায় দফায় পালটাপালটি ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচ আইনজীবী আহত হয়েছেন। এদের মধ্যে দুই আইনজীবী রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির ক্যান্টিনে হামলা-ভাঙচুরসহ তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।

পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন, গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে রংপুরের আদালত চত্বরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় একটি মামলায় মক্কেলের কাছ থেকে নেওয়া টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে আইনজীবী আলাউদ্দিনের সঙ্গে আইনজীবী মেজবাহ আহাম্মেদের প্রথমে কথাকাটাকাটি, এরপর হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই আইনিজীবীর সমর্থকেরা একত্রিত হয়ে আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আইনজীবী মেজবাহ আহাম্মেদ মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এ সময় আবারও দুই আইনজীবী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অপর আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ পাঁচ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে কয়েক জন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের নিচতলায় আইনিজীবীদের ক্যান্টিনে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করেন। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি তদন্ত রাজিবুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ ব্যাপারে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমাণিক জানান, দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।