নোয়াখালী শহরে ১৪৪ ধারা জারি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩

নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিন গ্রুপের পালটাপালটি কর্মসূচিকে কেন্দ  করে জেলা শহর মাইজদী তথা নোয়াখালী পৌর সভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।  আজ সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।

 তিনি জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে  নোয়াখালী সদরের  এমপি ও সদর  উপজেলা আওয়ামী লীগের সভা-সমাবেশ এবং নোয়াখালী পৌরসভার  মেয়র ও শহর উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক একই সময়  পৌর সভার সামনে সকাল ১০টায় আলোচনা ও শোভাযাত্রার কর্মসূচি  দেওয়ায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার  আশংকা রয়েছে। সেজন্য শহর ও  পৌর এলাকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৪৪ ধারা জারির আগে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে নোয়াখালী সদরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর দুই প্রতিপক্ষ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার  মেয়র সহিদ উল্যাহ খান সোলেহ তাদের কর্মসূচীর সমর্থনে জেলা শহরে মিছিল বের করে।  এর আগে এমপির সমর্থকরাও মিছিল বের করে।  শহরের রশিদ কলোনী এলাকা থেকে সদর  উপজেলা আওয়ামী লীগের মোটর সাইকেল শোভাযাত্রাটি   জামে মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে  ধাওয়া পালটা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে  তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে নোয়াখালী পৌরসভার  মেয়রের সমর্থকরা পৌর ভবন এলাকা থেকে মিছিল নিয়ে টাউন হল মোড়ে পৌছালে একই ঘটনা ঘটে। পুলিশ তাদেরকে একই কায়দায় ছত্রভঙ্গ করে দেয়।