বরিশালে ইউএনওর বাসায় হামলা

জামিন পেলেন আরো দুই আওয়ামী লীগ নেতা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় পুলিশ হেফাজতে চিকিত্সাধীন দুই আওয়ামী লীগ নেতা আদালত থেকে জামিন পেয়েছেন। তারা হলেন ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম মনির ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী তানভীর আহসান। গত ১৮ আগস্ট পুলিশের সঙ্গে সংঘর্ষে এ দুই জনের চোখে শটগানের গুলি লাগে। দুজনেই ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে তারা জানিয়েছেন। মনির ও তানভীর ঘটনার পরদিন (১৯ আগস্ট) থেকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিত্সাধীন ছিলেন। আসামিপক্ষের আইনজীবী বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, রবিবার মনির ও তানভীর বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন। বিচারক মো. মাসুম বিল্লাহ দুই জনকে তার (তালুকদার মো. ইউনুস) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলুর জিম্মায় ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন। দুই মামলায় পুলিশি প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেছে আদালতে। এর আগে দুই মামলায় গ্রেফতার হয়ে কারা অন্তরিন আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মী গত ২৫ আগস্ট একই শর্তে জামিন পেয়েছেন।