জার্মানিতে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৪

জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে গতকাল রবিবার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু। উদ্বোধনের সময় বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি  মোতাবেক মুজিববর্ষে ই-পাসপোর্ট সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং বাংলাদেশ ভ্রমনেচ্ছু বিদেশি নাগরিকগণকে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদান করে। বর্তমানে ৭৩টি বিদেশি মিশনে এমআরপি ও এমআরভি সেবা চালু রয়েছে।

অনুষ্ঠানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন,  শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিতকরণের পাশাপশি বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্ততরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী।