পি কে হালদারের সহযোগী নাহিদা ও শুভ্রাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৪

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত  কুমার (পি কে) হালদারের অন্যতম সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাই ও ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

আর্থিক খাতে অনিয়মের অভিযোগে পি কে হালদারের সহযোগী ও বান্ধবী হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইকে চলতি বছরে ১৬ মার্চ দুদকের একটি টিম সেগুন বাগিচা থেকে গ্রেফতার করে। আর ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষকে একই অভিযোগে ২২ মার্চ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এরপর ঐ দিনই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য দুদক আবেদন জানালে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল ছিল তাদের পাঁচ দিনের রিমান্ডের প্রথম দিন।

গতকাল দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেফতার হওয়া দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বিদেশে টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।