নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছেন, সাবধান, আমার একজন কর্মীর গায়ে যেন আঘাত করা না হয়। গাবের লাঠি তৈরি করে রাখা হচ্ছে। এখনো সময় আছে, আপনারা চলে যান। না হলে পালানোরও পথ পাবেন না। টিকিট করার সময়ও পাবেন না। আপনারা এসপি, ইউএনও ও ওসি মিলেও দুর্নীতিবাজ অধ্যক্ষকে রক্ষা করতে পারবেন না।
প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে রংমালা মাদ্রাসায় গতকাল রবিবার সকালে প্রতিবাদ সভা করতে না পেরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় কাদের মির্জা তার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার স্ত্রীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ওবায়দুল কাদের অপরাজনীতির হোতাদের কাছে আত্মসমর্পণ করেছেন। অপশক্তির বিরুদ্ধে আমার যে আন্দোলন চলছে তাদের পরাজয় আসন্ন।
কাদের মির্জা বলেন, দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন নোয়াখালী জেলা কমিটি করার বিষয়ে। কমিটি হয়ে গেছে, আহ্বায়ক কমিটি। আহ্বায়ক মেরুদণ্ডহীন সেলিম, আর দুই জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে, কাকে করেছে জানি না। আমি কোথাও কোনো কমিটিতে থাকব না। মন্ত্রীর (ওবায়দুল কাদের) দুর্নীতিবাজ স্ত্রীর পরামর্শে এসব করা হচ্ছে।
এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের একই সময় একই স্থান প্রতিবাদ সভা ডাকা হয়েছিল। সমাবেশ আহ্বানের কারণে রক্তপাত এড়াতে প্রশাসন শনিবার রাতেই ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে।
