পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর চার জন নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলায় চার সীমান্তরক্ষী নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল সকালে প্রদেশটির কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর ডনের

কোয়েটার একটি সবজির মার্কেটে এক হামলাকারী মোটরসাইকেলে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। দুই সপ্তাহ আগেও প্রদেশটির জিয়ারাত জেলায় ল্যান্ড মাইন বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত হন। নিষিদ্ধঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আজকের হামলার দায় স্বীকার করেছে। শীর্ষ প্রাদেশিক পুলিশ কর্মকর্তা আজহার আকরাম জানান, তদন্তকারীরা বোমা হামলাকারীর দেহের অঙ্গ খুঁজে পেয়েছেন এবং তিনি জানান, শক্তিশালী বোমায় আহত অনেকের অবস্থা গুরুতর। পাকিস্তানের রাজনৈতিক দলগুলো হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। প্রধানমন্ত্রী ইমরান খান এক বার্তায় হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এ ধরনের সন্ত্রাসী তত্পরতার পেছনে বিদেশি মদদ রয়েছে বলে শোক বার্তায় মন্তব্য করেছেন তিনি।