কৃষি আইনের বিরুদ্ধে ৫ লাখ কৃষকের বিক্ষোভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৮

ভারতের উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে কৃষক মহাপঞ্চায়েত থেকে আবারও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত। গতকাল রবিবার মহাপঞ্চায়েতে থেকে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্?ধের ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, নতুন কৃষি আইন বাতিল না হলে দিল্লি সীমানা ছেড়ে যাব না।

গতকাল কৃষি আইনের বিরোধিতা করে আয়োজিত মহাপঞ্চায়েতে অংশ নেয় আন্দোলনে থাকা বিভিন্ন সংগঠন। কৃষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংগঠনের সংখ্যা প্রায় ৩০০। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে. বিক্ষোভ সমাবেশে ৫ লাখের বেশি কৃষক অংশ নেন।

জমায়েত থেকে কৃষক নেতা টিকায়েত বলেন, আমরা শপথ নিচ্ছি, দিল্লি সীমানার প্রতিবাদস্থল আমরা ছাড়ব না। দরকার হলে এখানেই জীবন দেব। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আন্দোলনের পাশাপাশি আলোচনার রাস্তাও খুলে রাখতে চাইছেন প্রতিবাদী কৃষকরা। টিকায়েত বলেন, ভারত সরকার যদি আমাদের আলোচনার জন্য ডাকে, আমরা যেতে রাজি। তবে পাশাপাশি কৃষকদের আন্দোলনও চলবে। তিনি জানিয়েছেন, সারা ভারতে এমন মহাপঞ্চায়েত আয়োজন করবে কৃষক সংগঠনগুলোর যৌথ মঞ্চ। তিনি বলেন, আমাদের আরো বড় সভা-মিছিল করতে হবে। এটা শুধু উত্তর প্রদেশ বা উত্তরাখণ্ডে সীমাবদ্ধ রাখলে হবে না। দেশ জুড়ে ৬০০ কৃষকের মৃত্যু হয়েছে বিক্ষোভ চলাকালীন। সরকার কারো জন্য দুঃখ প্রকাশ করেনি। আমাদের লক্ষ্য, দেশকে বাঁচাতে হবে।

গত বছর নভেম্বর থেকে কৃষকদের আন্দোলন চলছে। প্রথম থেকেই কৃষকরা তিনটি কৃষি আইন বাতিল করার দাবি করে চলেছেন। সরকারের সঙ্গে একাধিক আলোচনাও হয়েছে, কিন্তু সমাধান আসেনি।