কর্মপরিবেশ নিশ্চিত করাসহ ১৫ দফার দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন নিয়ে বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন গতকাল রাজধানীতে জরুরি সভা করেছে। গতকাল রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে দুই সংগঠনের এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন সভাপতি আলহাজ মুকবুল আহমেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ, জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ, আলহাজ আবুল কাশেম আব্দুল মোতালেব, মাছুম পাটোয়ারী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৩ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতি পালনে যোগ দিবে ট্রাক, কাভার্ড ভ্যান, পিক-আপ ভ্যান, ডেলিভারি ভ্যান, মালিক-চালক ও শ্রমিকরা। এর পরেও দাবি বাস্তবায়ন করা না হলে ১০ দিনের মধ্যে উভয় সংগঠনের প্রতিনিধি সভা আহ্বান করে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সড়ক পরিবহন শিল্পের পণ্যপরিবহন খাতের মালিক-শ্রমিকদের ন্যায়সংগত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার প্রতি জোড় দেন তিনি। - সংবাদ বিজ্ঞপ্তি
