ধানমন্ডিতে ভিকারুননিসার ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:২২

রাজধানীর ধানমন্ডিতে বাসা থেকে গতকাল রবিবার সকালে ভিকারুননিসা নুন স্কুুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাদিয়া তাসমীম কান্তা (১৪)। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধানমন্ডি থানার এসআই অমৃতা চাকমা বলেন, ধানমন্ডির ১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির শয়নকক্ষ থেকে সাদিয়ার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে সে ফাঁস দিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ঐ শিক্ষার্থীর প্রতিবেশী নাজমুল ইসলাম জানান, সাদিয়ার বাবার নাম কবির হোসাইন এবং মা সাহিদা। তার বাবা বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। মা সাহিদা ইসলাম ফের বিয়ে করেন। এরপর থেকে সাদিয়া তার নানার বাসায় থাকে। কিন্তু তার বন্ধুবান্ধব নিয়ে নানা-নানি বিভিন্ন সময়ে আপত্তি তোলে। এসব নিয়ে দিনদিন অভিমান বাড়তে থাকে সাদিয়ার। এছাড়া সাদিয়া নিয়মিত ঘুমের ট্যাবলেটও খেত বলে জানা গেছে।