কুমিল্লায় নিজ বাড়িতে স্বামী ও স্ত্রীর হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকার মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুবর্ণপুরের হোমিও চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
নিহতের পুত্রবধূ শিউলি আক্তারে বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১২টার দিকে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে স্ট্যাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার সময় ওই ঘরে তাদের পুত্রবধূ শিউলি আক্তার ছিলেন। ওই দম্পতির ২ ছেলে প্রবাসে থাকেন।
পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, ধারণা করছি তাদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ, পিবিআই ও সিআইডির টিম বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।
কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী দম্পতির পুত্রবধূ শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
