মিলেছে পালানোর প্রমাণ, বরখাস্ত বনানীর বিতর্কিত পরিদর্শক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক’ বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে বরখাস্ত করা হয়েছে। সোহেল রানা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি পুলিশ রিপোর্ট পাওয়ার পর অবশেষে বরখাস্ত করা হলো তাকে। এরই মধ্যে তার জায়গায় নতুন কর্মকর্তাকেও বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোহেল রানাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, গতকালই তার স্থলে নতুন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা ছিল। তিনি ভারতে পালিয়ে গেছেন, গুলশান পুলিশের পক্ষ থেকে এমন রিপোর্ট আসার পর বনানীর পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চিঠি ফাঁসের ঘটনাও তদন্ত হবে: ডিএমপি কমিশনার

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারত-নেপাল সীমান্তে বিএসএফ কর্তৃক আটক হন বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। এমন অবস্থার মধ্যে তার স্থলে নতুন কর্মকর্তা হিসেবে উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) আলমগীর গাজীকে বদলি করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২১ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের মধ্যে সোহেল রানাকে সরিয়ে উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) আলমগীর গাজীকে একই পদে বনানী থানায় বদলী করা হয়। এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে।


ইত্তেফাক/এমএএম