টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। দিনের শুরুতেই ভাসানীর মাজারে তার পরিবারবর্গ এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অপর্ণ এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এদেশে যতগুলো আন্দোলন, সংগ্রাম হয়েছে তার সবগুলোতে মূল নেতৃত্ব দিয়েছিলেন মওলানা ভাসানী। তিনি আমাদের নেতা, বঙ্গবন্ধুরও গুরু। তিনি আমাদের অনুপ্রেরণার উত্স। তিনি যে শিক্ষা ও প্রেরণা দিয়েছিলেন তা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে।’ এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, টাঙ্গাইল প্রেসক্লাব, ভাসানী ফাউন্ডেশন, মওলানা ভাসানী রিসার্চ সেন্টার, ন্যাপ ভাসানীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
