মো. রহমত উল্লাহ্
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় দেড় বছর পর খুলছে তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। সীমিত পরিসরে হলেও মিলছে ঘরবন্দি জীবন থেকে মুক্তি। নিশ্চয়ই তোমরা আনন্দিত! দীর্ঘদিন পর পা রাখবে তোমাদের প্রিয় ক্যাম্পাসে। দেখা হবে তোমাদের প্রিয় বন্ধুদের সাথে, শ্রদ্ধেয় শিক্ষকগণের সাথে। আবার পরিধান করবে ইউনিফর্ম। আবার নতুন উদ্যমে শুরু করবে লেখাপড়া।
আমরাও চাই, লেখাপড়ায় অধিক মনোযোগী হও তোমরা, আনন্দে ভরে উঠুক তোমাদের জীবন। কিন্তু মনে রাখতে হবে, কোনোভাবেই গা ভাসিয়ে দেওয়া চলবে না অতিরিক্ত উচ্ছ্বাসে। বন্ধুদের সাথে করা যাবে না আগের মত জড়াজড়ি। খুব কাছাকাছি হয়ে করা যাবে না খেলাধুলা ও গল্পগুজব। শ্রেণিকক্ষে বসা যাবে না পাশাপাশি। কোনোভাবেই ভঙ্গ করা চলবে না স্বাস্থ্যবিধি। অবশ্যই থাকতে হবে পরিচ্ছন্ন, পরিধান করতে হবে মাস্ক, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। মেনে চলতে হবে হাঁচি-কাশির শিষ্টাচার। যতই কষ্ট হোক, অভ্যস্ত হয়ে উঠতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলায়।
এই মহামারি করোনাকে মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে সাধ্যমতো। সর্বক্ষেত্রে চাইতে হবে মহান সৃষ্টিকর্তার সহায়তা। শারীরিক ও মানসিক ভাবে থাকতে হবে সুস্থ-সবল। নিয়মিত করতে হবে নাওয়া-খাওয়া ও শরীরচর্চা। আবার অংশ নিতে হবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। বৃদ্ধি করতে হবে ধৈর্য ও মনোবল। মনে মনে বলতে হবে আমিও পারি, আমিও পারবো। কষ্ট করে হলেও আবার লেখাপড়ায় ফিরিয়ে আনতে হবে মনোযোগ। ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে চর্চা। চালিয়ে যেতে হবে লেখাপড়া, গঠন করতে হবে সুন্দর জীবন। সকলের সাথে করতে হবে উত্তম ব্যবহার। পরিত্যাগ করতে হবে সকল বদভ্যাস। হয়ে উঠতে হবে যোগ্য নাগরিক, নিতে হবে দেশ ও জাতির দায়িত্ব।
আশা করি সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমরা, খোলা থাকবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান। এই হোক সকলের শ্লোগান- স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ থাকার চেষ্টা করি।
