জন্মের পরই যে বস্তুটি শিশুকে পরম মমতায় জড়িয়ে রাখে, তা হচ্ছে তোয়ালে। প্রতিদিনের গোসল কিংবা সারা ঘর পরিষ্কারের কাজেও ব্যবহূত হয় এই তোয়ালে। যে বস্তুটি আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে এতটা ভূমিকা রাখছে, আমরা কি জানি যে এটিরও যত্নের প্রয়োজন আছে? সঠিক যত্ন নিলে তোয়ালের সঠিক ব্যবহার করা যায় এবং তা টিকেও থাকে বহুদিন। লিখেছেন সৈয়দা রাকীবা ঐশী
নবজাতকের তোয়ালে
নবজাতকের তোয়ালেটি সাধারণত একটু বড় আকারের হয়, যাতে শিশুর পা থেকে ভালোভাবে মুড়িয়ে নেওয়া যায়। এসব তোয়ালের সঙ্গে সাধারণত টুপি থাকে। নবজাতকের তোয়ালের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। রোগজীবাণু যেন সংক্রমণ ঘটাতে না পারে, তাই নিয়মিত পরিষ্কার করতে হবে। গরমপানি ও স্যাভলন দিয়ে অন্তত ২ দিন পরপর তোয়ালে ধুয়ে নিন। মনে রাখবেন, শিশুর জন্য শুকনো সুতির তোয়ালে বেশি উপযোগী।
গোসলের তোয়ালে
গোসলের তোয়ালে তুলনামূলক একটু পাতলা হলে ভালো হয়। বিকল্প হিসেবে আরেকটি রাখলে ভালো। কারণ, একটি ভেজা থাকলেও যেন সমস্যা না হয়। গোসলের পর তোয়ালেটি শুকাতে দিন। তাহলে ভ্যাপসা গন্ধ হবে না তিলেও পড়বে না।
ডাইনিংয়ের তোয়ালে
ডাইনিংয়ে সাধারণত ঝোলানো তোয়ালে বেশি ব্যবহূত হয়। এক্ষেত্রে তোয়ালেটি মাঝারি আকৃতির হয়। খাবার পরে হাত ভালোভাবে ধুয়ে তারপর তোয়ালেতে মুছুন। তাহলে তোয়ালে কম নোংরা হবে। অন্তত তিন দিন পরপর খাবার ঘরের তোয়ালে বদলানো উচিত।
রান্না ঘরের তোয়ালে
সাধারণত অপেক্ষাকৃত ছোট আকারের তোয়ালে ব্যবহূত হয়। রান্নাঘরে ঝুলানো অবস্থাতেই এই তোয়ালে ব্যবহার করা হয়। রান্নাঘরে তেল-মসলা ধরা ও প্লেট-গ্লাস ধোয়ার পর হাত মুছতে হয়। এক্ষেত্রে তোয়ালেটি একটু গাঢ় রংয়ের হওয়া ভালো। তোয়ালে পরিষ্কার করতে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দু-একদিন পরপরই ধুয়ে নিন।
আসবাবপত্রপত্র মুছতে তোয়ালে
গৃহস্থালি জিনিস মোছার কাজে রুমাল আকৃতির পাতলা তোয়ালে ব্যবহার করা উচিত। আসবাবপত্র মুছতে অনেক ক্ষেত্রে রুমালটিকে হালকা ভিজিয়ে নিতে হয়। সেক্ষেত্রে রোজ ব্যবহারের পর ছোট তোয়ালেটিকে শুকিয়ে নিন। প্রতি সপ্তাহে একবার এই তোয়ালে ফুটন্ত গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
ম নে রা খ বে ন
বাজার থেকে তোয়ালে কেনার সময় ঠিক করে নিন—
l কোন কাজে তা ব্যবহার করবেন।
l প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা আলাদা তোয়ালে বাছাই করুন।
l তোয়ালে নির্বাচনের সময় খেয়াল রাখুন তা যেন অবশ্যই সুতির হয়।
l বাড়ির প্রত্যেকের তোয়ালে আলাদা হওয়া উচিত। এমনকি মেহমানদের জন্যও তোয়ালে আলাদা করে রাখা উচিত।
l তোয়ালে ধোয়ার সময় আলাদা বালটিতে ভিজিয়ে ধোয়ার চেষ্টা করুন।
