বিবিসি
ইসরাইলে এক বিরল অস্ত্রোপচারের মাধ্যমে এক বছর বয়সি দুই যমজ শিশুর জোড়া মাথা আলাদা করা হয়েছে। অস্ত্রোপচারের পর বাচ্চা দুইটি সুস্থ আছে। জন্মের পর এবারই তারা প্রথম বারের মতো তারা একে অপরকে দেখতেও পাচ্ছে। দেশটির বীরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টারে গত সপ্তাহে ১২ ঘণ্টা ধরে অপারেশন করে যমজ বাচ্চা দুটির জোড়া মাথা আলাদা করা হয়। ঝুঁকিপূর্ণ এ কাজে অংশ নেওয়ার আগে মাসব্যাপী প্রস্তুতি নেন চিকিত্সকরা। দেশি-বিদেশি ডজনখানেক চিকিত্সা বিশেষজ্ঞ এ অপারেশন সম্পন্ন করেন। ছোট্ট বালিকা দুইটির এখনো নাম রাখা হয়নি। তারা পুরোপুরি সুস্থতার দিকে যাচ্ছে চিকিত্সকরা জানিয়েছেন। সোরোকা মেডিক্যাল সেন্টারের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এলদাদ সিলবারস্টাইন ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভকে বলেন, ‘তারা নিঃশ্বাস নিতে পারছে এবং নিজে নিজে খেতে পারছে।’ সারা বিশ্বে এ ধরনের মাত্র ২০টি অপারেশন হয়েছে এবং ইসরাইলে এটাই প্রথম। সোরোকার প্রধান নিউরোসার্জন মিকি গিডিয়ন বলেন, ‘প্রস্তুতির মধ্যে যমজ বাচ্চাগুলোর থ্রি ডি ভার্চুয়াল মডেলও কাজে লাগানো হয়। আমরা আনন্দিত যে, আমরা যা প ত্যাশা করেছিলাম তার পুরোটাই সফল হয়েছি।’ ২০২০ সালের আগস্টে জন্ম নেওয়া যমজ কন্যারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলে তিনি আশাবাদ করেন।
