ভারতশাসিত কাশ্মীরের সদ্য প্রয়াত স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী শাহ গিলানির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতবিরোধী স্লোগান ও পাকিস্তানের পতাকায় গিলানির মরদেহ মোড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী কঠোর আইনে রবিবার এ মামলা করা হয়।—এএফপি
পুলিশ জানিয়েছে, গিলানির পরিবারের কিছু সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গিলানির আত্মীয়রা বিশেষ করে নারীরা পাকিস্তানি পতাকায় মোড়ানো অবস্থায় গিলানির মরদেহ রাখা রুমে পুলিশকে প্রবেশে বাধা দিচ্ছে। তবে পরিবারের সদস্যদের আটকে রেখে পুলিশ যখন মরদেহ নিয়ে যাচ্ছিল তখন তাদের কাঁন্নাকাটি ও চিত্কার করতে দেখা যায়।
