নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৪ নম্বর চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাস্তা। বহু পুরনো। ওয়াপদা ইউনিয়নের মধ্যস্থলে হাট-বাজার। বাজারের ব্যবসায়ীদের একমাত্র যাতায়াতের পথ এটি। বাজার থেকে উত্তর দিকে প্রায় ১ কিলোমিটার খোকনের দোকান থেকে পূর্ব দিকে প্রায় ১ কিলোমিটার মৌলবী আবদুল হাফিজের বাড়ি থেকে হাবিবগঞ্জ মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার। আমানতগঞ্জ থেকে আধা কিলোমিটার পর থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার। বর্ষা মৌসুমে এই রাস্তাগুলো দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। উচ্চপদস্থ কর্মকর্তারা রাস্তা পাকা করে দেবেন বলে কথা দিয়েছিলেন। আজো তা বাস্তবায়ন হয়নি। বড় দুঃখের বিষয় হলো—এইরকম রাস্তা দিয়ে আমাদের যাতায়াতের ২৫ বছর পার হতে চলেছে, কিন্তু উন্নয়ন হলো না! ৬ কিলোমিটার পথ পাকা হলে মানুষের কষ্ট লাঘব হবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফারহান আহমেদ নুরনবী, চরজব্বর, নোয়াখালী
