লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা উপকূলীয় অঞ্চল বেড়িবাঁধের পাশে এমপির বাজারে ডাকাতিয়া নদীর ওপর ৪৫ বছরের পুরনো সেতুটি প্রায় চার বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর। আশপাশের অন্তত ১৫ গ্রামের লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু পার হন। হায়দরগঞ্জ বাজারের অর্ধ শতাধিক ব্যবসায়ী ও গ্রামবাসীর আশঙ্কা, যে কোনো মুহূর্তে সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটির প্রশস্ততা কম থাকায় শুরু থেকেই বড় কোনো যান চলাচল করতে পারেনি। সেতুটির সংযোগ আধা কিলোমিটার রাস্তার অবস্থাও করুণ। এতে গ্রামের কৃষকদের উত্পাদিত ধান, পাট, সয়াবিন, ইলিশ, সরিষাসহ অন্যান্য শস্য ছোট ছোট ট্রলি, টেম্পো কিংবা রিকশা-ভ্যানে করে হাটবাজারে নিতে হয়। এখন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সেতুটির স্তম্ভসহ বিভিন্ন অংশ ক্ষয় হয়ে ভেতরের রড বেরিয়ে গেছে। সিএনজি, রিকসা ও মোটরসাইকেল উঠলেই সেতুটি কেঁপে ওঠে। এ অবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, শীঘ্রই সেতুটি নতুন করে নির্মাণের ব্যবস্থা নিন।
ওসমান গণি
লক্ষ্মীপুর
