লালপুর (নাটোর) সংবাদদাতা
লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের বাদ দিয়ে ঐ পদে দেশের বন্ধ হয়ে যাওয়া চিনিকলের শ্রমিক ও কর্মচারীদের পদায়ন করার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা। বিক্ষোভ মিছিলের পরে মিলের ক?্যানকেরিয়ার ইয়ার্ডে সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মিলের সিবিএ সাবেক সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, আব্দুর রউফ সরকার প্রমুখ।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর জানান, বন্ধ হয়ে যাওয়া অন্য চিনিকলের ৬১ জন শ্রমিককে এই মিলে বদলির চিঠি তিনি পেয়েছেন। ঐ সব পদে অনেক দিন আগে থেকে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে।
