আন্তর্জাতিক পুরুষ ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ড
স্পোর্টস ডেস্ক
সবশেষ হার ২০১৮ সালের উয়েফা নেশনস কাপে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে। এরপর একে একে কেটে গেল ৩৬টি ম্যাচ। এই সময়ে পরাজয়ের সঙ্গে সখ্য হয়ে ওঠেনি আজ্জুরিদের। তাই ২৯টি জয় ও ৭টি ড্র নিয়ে আন্তর্জাতিক পুরুষ ফুটবলে টানা অপরাজিত থাকার ইতিহাস নতুন করে লিখল রবার্তো মানচিনির দল। যে রেকর্ডে এত দিন লিখে রাখা হয়েছিল ব্রাজিল ও স্পেনের নাম।
তবে জয় দিয়ে বিশ্ব রেকর্ড গড়লে বোধ হয় একটু বেশিই খুশি হতেন। দুর্দান্ত খেলেও বিশ্বকাপ বাছাই পর্বে সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্ক থেকে গোলশূন্য ড্র করে ফেরে তার দল। কপাল খারাপ হলে এমনটাই হয়! নইলে ৫৩ মিনিটে কেনইবা পেনাল্টি মিস করতে যাবেন সদ্য উয়েফা বর্ষসেরা পুরস্কার জেতা জর্জিনিও? তবু দলের পারফরম্যান্স নিয়ে কোনো অভিযোগ নেই অধিনায়ক জর্জিও কিয়েল্লিনির, ‘আজ (গতকাল) আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া ৩-০ গোলে জয়ের ম্যাচ থেকেও ভালো খেলেছি আজ। কিন্তু গোলই করতে পারিনি শুধু।’
তিন বছর আগে ভঙ্গুর এক অবস্থা ছিল ইতালির। ২০১৮ বিশ্বকাপে সুযোগ না পেয়ে অবাকই করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখান থেকে আজ্জুরিদের মেরুদণ্ড সোজা করার দায়িত্ব নেন মানচিনি। এই তিন বছরে পুরো দলের মানসিকতা ও খেলার ধরনে পরিবর্তন আনেন ইতালিয়ান কোচ, যার কারণে গত ইউরোর শিরোপা জেতে ইতালি। এবার পেল অজেয় থাকার গরিমা। আর ১৬ ম্যাচ অপরাজিত থাকলে যুক্তরাষ্ট্র নারী দলকে (৫১ ম্যাচ) পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ না হারার রেকর্ড গড়বে আজ্জুরিরা।
ইতালির ইতিহাসের দিনে বড় জয় পেয়েছে বাকি বড় দলগুলো। জেসে লিনগার্ডের জোড়া গোলে অ্যান্ডোরাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। একই ব্যবধানে জর্জিয়ার বিপক্ষে জয় পেয়েছে স্পেন। অন্যদিকে আর্মেনিয়াকে নিজেদের মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে হ্যান্সি ফ্লিকের জার্মানি। সার্জ গ্যানাব্রির জোড়া গোল করার পাশাপাশি স্কোরশিটে নাম লেখান মার্কো রয়েস, টিমো ভেরনার, ইয়োনাস হফম্যান ও করিম আদেমি।
দল ম্যাচ সময়
ইতালি ৩৬ ২০১৮-বর্তমান
ব্রাজিল ৩৫ ১৯৯২-১৯৯৬
স্পেন ৩৫ ২০০৭-২০০৯
