স্পোর্টস ডেস্ক
শেষ দিনে জিততে হলে চাই ২৯১ রান। এমন সমীকরণ ইংল্যান্ডের জন্য কঠিন হলেও গত চার দিন ওভালের উইকেটের আচরণ ড্রয়ের ভাবনাও উঁকি দিচ্ছিল। তার ওপর বিনা উইকেটে ৭৭ রানে দিন শুরু করেছিল ইংলিশরা। প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে তাদের রান ১৩২। ড্রয়ের সম্ভাবনা আরো জোরালো হলো।
কিন্তু দ্বিতীয় সেশনে এসে ম্যাচের দৃশ্যপট বদলে দেয় ভারত। চা বিরতির আগ পর্যন্ত জয়ের খুব কাছে চলে এসেছে সফরকারীরা। ৩৬৮ রানের লক্ষ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৯৩ রান। শেষ সেশনে শুধু দুটি উইকেট নিলেই জয়ের উল্লাসে মাতবে ভারত।
লাঞ্চের আগে ররি বার্নস (৫০ রান)ও দাভিদ মালানকে (৫) হারালেও কিছুটা সুবিধাজনক স্থানে ছিল ইংল্যান্ড। কিন্তু বিরতির পর ৬ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। দুর্দান্ত এই স্পেলে দুটো করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। হাসিব হামিদ (৬৩) যাওয়ার পর দেয়াল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন জো রুট (৩৬)। কিন্তু তাকে ফিরিয়ে ইংল্যান্ডের সব আশা শেষ করে দেন শার্দুল ঠাকুর। এর আগে ভারতকে প্রথম ব্রেক থ্রুটাও এনে দেন ম্যাচে জোড়া ফিফটি করা এই পেসার।
