পাকিস্তান ক্রিকেটের অদ্ভুতুড়ে এক দিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

স্পোর্টস ডেস্ক

এমনি এমনি আর ‘আনপ্রেডিক্টেবল’ তকমা দেওয়া হয়নি পাকিস্তানকে। ক্রিকেট মাঠে তো বটেই, মাঠের বাইরেও অদ্ভুতুড়ে সব ঘটনা জন্ম দেওয়ার ব্যাপারে জুড়ি নেই তাদের। গতকাল ঘটে গেল তেমনই একটি দিন। নিউজিল্যান্ড সিরিজ, ইংল্যান্ড সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তার কিছুক্ষণ পরেই আচমকা পদত্যাগের ঘোষণা দেন হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। পদত্যাগের সিদ্ধান্ত ওয়েস্টইন্ডিজ সফরেই ঠিক করে রেখেছিলেন মিসবাহ। তিনি বলেন, ‘জ্যামাইকায় কোয়ারেন্টাইন আমাকে সুযোগ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে গত ২৪ মাস ও আগামী সূচি নিয়ে ভাবার। যা বুঝলাম আমাকে পরিবার থেকে বেশ লম্বা সময় দূরে জৈব সুরক্ষা বলয়ে থাকতে। যে কারণে আমি দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’মিসবাহর দেখাদেখি নিজেকেও সেই সিদ্ধান্তে শামিল করে নেন ওয়াকার। দুই বছর আগে ২০১৯ বিশ্বকাপের পর একসঙ্গে তাদের দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ড সিরিজে সেই জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন দুই সাবেক ক্রিকেটার সাকলাইন মুশতাক ও আব্দুল রাজ্জাক।

পাকিস্তান দল :বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, শোয়াইব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।

রিজার্ভ :উসমান কাদির, শাহনাওয়াজ দাহানি, ফখর জামান।