মুনিয়াকে হত্যার অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক ও হত্যার অভিযোগে আট জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মাফরোজা পারভীন বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মুনিয়ার বোন নুসরাত জাহান ট্রাইব্যুনালে এই মামলা করেন। এতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, আনভীরের মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা ছাড়াও শারমিন, সাফিয়া রহমান মিম, মডেল পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপনকে আসামি করা হয়েছে।

গত ২৬ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সি মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন তানিয়া। তবে মুনিয়ার মৃত্যুর সঙ্গে আনভীরের কোনো ‘সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’ উল্লেখ করে গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে ঐ প্রতিবেদন গ্রহণ করে আনভীরকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেয় আদালত।