ইত্তেফাক রিপোর্ট
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, ‘পদোন্নতি শুধু মর্যাদা আর র্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করব, অগ্নিদুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিস যেমন সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে; ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন।’
গতকাল অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১০৭ জন কর্মকর্তার ওয়ারহাউজ ইন্সপেক্টর পদে পদোন্নতি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ততে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এস এম জুলফিকার রহমান। এ সময় অধিদপ্তরের উপপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিদপ্তরের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, অতীতে এই পদে পদোন্নতি হতো ১৭-১৮ বছরে। এবারই প্রথম এই পদে পাঁচ বছরের মাথায় সবার পদোন্নতি হলো। স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি ফায়ার ডিজির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
