ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রচণ্ড গরমের সঙ্গে পিডিবির বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ঘিওর উপজেলার জনজীবন। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কলকারখানায় উত্পাদন ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়া ছাড়াও অফিস আদালতে কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বিপন্ন হয়ে পড়ছে।
এ নিয়ে উপজেলার চার গ্রামের লোকজন তীব্র লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে উপজেলা পরিষদ চত্বরে ঘেরাওসহ বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে ঘিওর উপজেলার বৈলট, কৈশুন্ডা, বাটোরাকান্দি ও মাইলাগীর ভুক্তভোগী সর্বস্তরের উত্তেজিত জনগণ বিদ্যুত্ ভোগান্তির কারণে এই বিক্ষোভ মিছিল করে।
ঘিওর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. হারুন অর রশিদ বক্তব্যে বলেন, অতিরিক্ত বিদ্যুত্ বিভ্রাটের ফলে আমার ও আশপাশের এলাকার লোকজনের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বিকল হয়ে গেছে এবং প্রতি মাসে বিল বেশি আসছে।
বৈলট বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, উপজেলার ঘিওর ইউনিয়নের বৈলট গ্রামের এ বাজার হতে প্রতি মাসে লক্ষাধিক টাকা বিদ্যুত্ বিল বাবদ রাজস্ব দিয়ে আসছি। কিন্তু প্রতিদিন সকাল কিংবা বিকালে ১৫-২০ বার বিদ্যুত্ চলে যায়।
