মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

ঘিওর (মানিকগঞ্জ ) সংবাদদাতা

মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মো. রবিউল ইসলাম (৭) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। রবিউল ইসলাম উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। রবিউল শ্রবণ ও বাক্প্রতিবন্ধী ছিল।

ওসি মো. আকবর আলী খান জানান, সকালের দিকে অরঙ্গবাদ বাসস্ট্যান্ড এলাকায় রবিউল রাস্তা পার হচ্ছিল। এ সময় মানিকগঞ্জগামী এক মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। এ সময় চালক আরিফ ও পথচারী রবিউল আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিত্সক রবিউলকে মৃত ঘোষণা করেন ও আরিফকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক?্যাল কলেজ হাসপাতালে রেফার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।