আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করে তোপের মুখে জাভেদ আখতার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

তালেবান ও আরএসএসকে তুলনা করে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ভারতীয় গীতিকার ও রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার। শুক্রবার ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির একটি অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করেন। বিজেপি নেতারা তার এই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, তার উচিত করজোড়ে ক্ষমা প্রার্থনা করা। খবর বিবিসির

জাভেদ আখতার যা বলেছেন

রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার শুক্রবার এনডিটিভির একটি অনুষ্ঠানে বলেন, ‘তালেবান যেমন একটি ইসলামিক দেশ বানাতে চায়, তেমনি অনেকে            আছে যারা হিন্দু জাতি গঠন করতে চায়। এসব মানুষ আসলে একই মতাদর্শের অনুসারী, তাদের পরিচয় মুসলমান, খ্রিষ্টান, ইহুদি বা হিন্দু যাই হোক না কেন। অবশ্যই তালেবান বর্বর এবং তাদের কর্মকাণ্ড নিন্দাজনক, কিন্তু যারা আরএসএস, বজরং দল এবং বিজেপিকে সমর্থন করে তারা সবাই আসলে একই ধরনের।’ ঐ বিতর্কের সময় জাভেদ আখতার আরো বলেন, ভারতীয় মানুষকে বুঝতে পারার পুরো সক্ষমতা তার রয়েছে বলে তিনি মনে করেন। ভারতে বসবাসকারী বেশির ভাগ মানুষ ধৈর্যশীল, ভারত কখনোই একটি তালেবান দেশে পরিণত হবে না।

তোপের মুখে জাভেদ

টুইটারে দেওয়া এক বিবৃতিতে বিজেপি নেতা রাম কদম বলেছেন, ‘জাভেদ আখতার যদি করজোড়ে সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা না করেন তাহলে তার এবং তার পরিবারের কোনো সদস্যের চলচ্চিত্র মহারাষ্ট্রে চলতে দেওয়া হবে না।’ কদম বলেছেন, ঐ বক্তব্য দেওয়ার আগে তার ভাবা উচিত ছিল যে, এই সংঘ পরিবারের সদস্যরাই এখন এই দেশের রাজনীতি পরিচালনা করে। তারা রাজ ধর্ম অনুসরণ করে। যদি (আমাদের) তালেবানের মতাদর্শ থাকত, তাহলে কি তারা এই ধরনের বক্তব্য দিতে পারত? এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে, তারা বক্তব্য কতটা ফাঁপা। তিনি আরো জানিয়েছেন, জাভেদ আখতারের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ করা হবে। প্রায় একই সময় আশুতোষ দুবে নামের এক বিজেপি নেতা মুম্বাই পুলিশের কাছে জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। টুইটারে দুবে লিখেছেন, তালেবানের সঙ্গে আরএসএসকে তুলনা করায় সংশ্লিষ্ট থানায় তিনি জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।