মেরিন ড্রাইভের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা হত্যা মামলার বিচারকার্যের পঞ্চম দিনে চতুর্থ সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষী কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ হত্যা মামলার চতুর্থ সাক্ষীর সাক্ষ্য ও জেরা সোমবার শেষ হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
পিপি ফরিদ বলেন, অন্য দিনের মতো সকাল পৌনে ১০টার দিকে মামলার আসামি সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের জন্য তিন সাক্ষী কামাল হোসেন, শওকত আলী ও হাফেজ মো. আমিনের হাজিরা দেওয়া হয়েছিল। কিন্তু কামাল হোসেনের সাক্ষ্যের পর ১৫ আসামির ১৫ আইনজীবী পৃথকভাবে জেরা করতে গিয়ে এক আসামিকে নিয়েই পুরো দিন শেষ হয়েছে। অনেক আসামির আইনজীবী অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট করায় আদালতের কর্মঘণ্টার মাঝে একজনের বেশি সাক্ষ্য ও জেরা শেষ করা যাচ্ছে না। তিনি আরো বলেন, আমাদের প্রচেষ্টা রয়েছে সমন পাওয়া সব সাক্ষীর সাক্ষ্য ও জেরা দ্রুত সম্পন্ন করার। আসামি পক্ষের আইনজীবীদের সহযোগিতা পেলেই কেবল এটা সম্ভব।
