সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ প্রদানে কেন তহবিল গঠন নয় :হাইকোর্ট

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৭

সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিত্সার খরচ নির্বাহে সড়ক পরিবহন আইন অনুযায়ী একটি তহবিল গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ঐ তহবিল পরিচালনার জন্য একটি ‘ট্রাস্টি বোর্ড’ গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়।

সড়ক পরিবহন আইনের ৫৩ ও ৫৪ ধারার বাস্তবায়নের পদক্ষেপ নিতে গত ১৭ আগস্ট সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। আইনজীবী মনোজ কুমার ভৌমিকসহ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী এ নোটিশ পাঠান; কিন্তু জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়।

মনোজ কুমার ভৌমিক বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ হতাহত হচ্ছে। সড়ক পরিবহন আইনটি তিন বছর আগে পাশ হলেও ৫৩ ও ৫৪ ধারার বাস্তবায়ন আজও হয়নি। এক্ষত্রে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। আইনটির সংশ্লিষ্ট ধারার বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও প্রযোজ্য ক্ষেত্রে চিকিত্সার খরচ বহনের জন্য একটি আর্থিক তহবিল গঠন হবে।