আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি দিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে এক ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে। আহত ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়, গত ১৫ দিন আগে উপজেলার বাকাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরবাড়ী গ্রামের সুধীর হালদারের ছেলে স্থানীয় সরবাড়ী বাজারের ব্যবসায়ী দুলাল হালদারের সঙ্গে এক গ্যাসের ডিলারের বাগিবতণ্ডা হয়। এ সময় একই বাজারের ব্যবসায়ী পরিতোষ হালদার ডিলারের পক্ষ অবলম্বন করায় দুলালের সঙ্গে তার বাগিবতণ্ডা ও বিরোধ শুরু হয়। ঐ বিরোধের জের ধরে সোমবার সকালে দুলালের ওপর পূর্ব পরিকল্পিতভাবে পরিতোষের নেতৃত্বে সাধন হালদার, প্রশান্ত হালদার, উত্তম হালদার, অনিক হালদার, শ্রীনিবাস হালদারসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, লোহার রড, কাঠ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। হামলার সময় দুলালের পরিবারের সদস্যরা তার মায়ের চিকিত্সার জন্য হাসপাতালে ছিল। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সকেরা তাকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। চিকিত্সকেরা জানিয়েছেন মারধরে দুলালের হাত ও পায়ের জয়েন্ট ভেঙে টুকরো হয়ে গেছে।
