বিভিন্ন ধর্মীয় সমাবেশে নারীর বিরুদ্ধে বিদ্বেষমূলক, সংবিধানবিরোধী এবং মানবাধিকার লঙ্ঘনকারী এবং হিংসাত্মক বক্তব্য প্রচার বন্ধের সুপারিশ করেছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।
গতকাল সোমবার জোটের একটি প্রতিনিধিদল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে মতবিনিময় করে এই সুপারিশ করে। এ সময় উপস্থিত ছিলেন : আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল, কো-চেয়ারপারসন এম বি আখতার, নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক, জাতীয় কমিটির সদস্য রাবেয়া বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুবিনুর রহমান এবং অ্যাডভোকেসি ও ট্রেইনিং কো-অর্ডিনেটর সুরাইয়া পারভীন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর হাতে নারীবিদ্বেষীমূলক, সংবিধানবিরোধী এবং মানবাধিকার লঙ্ঘনকারী বক্তব্যসংবলিত কয়েকটি ওয়াজের ভিডিও এবং সে ওয়াজগুলো কীভাবে বৈশ্বিক এবং জাতীয় নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক সে বিষয়ে একটি প্রতিবেদন তুলে দেওয়া হয়।
