রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক হওয়া জামায়াতে ইসলামীর নেতারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে বৈঠক করছিলেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান। সোমবার রাতে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় সোমবার সন্ধ্যায় বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে আমরা তাদের আটক করেছি। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে।
আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রফ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জামায়াত কর্মী মনিরুল ইসলাম এবং আবুল কালাম। এ সময় কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
সম্প্রতি তালেবানের উত্থানের সঙ্গে জামায়াত নেতাদের এই বৈঠকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
ইত্তেফাক /কেএইচ/ইউবি
